০৯ মে, ২০২৬
মাগুরার শ্রীপুরে শুক্রবার রাতে বরযাত্রী বাহী মোটরসাইকেলের ধাক্কায় সাদিকুল ইসলাম (১৩) নামে বাইসাইকেল আরোহী স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মালিথিয়া গ্রামের রাশিদুল ইসলামের ছেলে এবং শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর সাদিকুল বাইসাইকেল যোগে লাঙ্গলবাঁধ বাজার থেকে টিকারবিলা বাজারের দিকে যাচ্ছিল। এ সময় অপর দিক থেকে আসা বিয়ের গাড়ি বহর অতিক্রম করার সময় বহরে থাকা বরযাত্রী বাহী একটি মোটরসাইকেল সাদিকুলকে ধাক্কা দিলে সে মারাত্মক আহত হয়।
এ সময় স্থানীয়রা সাদিকুলকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া জানান, শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মোটরসাইকেলটি বর্তমানে থাকা হেফাজতে রয়েছে। তবে নিহতের পরিবার কোন অভিযোগ করেনি।
ফলে মৃতদেহটি পারিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।