০৯ মে, ২০২৬
হামের উপসর্গ নিয়ে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর জানিয়েছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় বিভাগের সরকারী হাসপাতালে নতুন করে আরো ১১১ জন ভর্তি হয়েছে।
মৃতরা হলো- পটুয়াখালী সদরের বাদারা এলাকার বাসিন্দা মো. আব্বাসের ১০ মাস বয়সী ছেলে মোহাম্মদ উল্লাহ ও পাগলা এলাকার বাসিন্দা ইলিয়াসের ৭ মাস বয়সী মেয়ে আয়শা।
হামের উপসর্গ নিয়ে আয়েশাকে গত ১ মে এবং মোহাম্মদ উল্লাহকে গত ৫ মে হাসপাতালে ভর্তি করা হয়। মোহাম্মদ উল্লাহ শুক্রবার রাতে ও আয়েশা শনিবার সকালে মারা গেছে।
বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর বলেছেন, হাম থেকে মারাত্মক ধরনের নিউমোনিয়া হওয়ায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে এই হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৭৬৯ জন।
গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৪৩ জন। এর মধ্যে বর্তমানে চিকিৎসাধীন ১৭০ জন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের বিভিন্ন সরকারী হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চার হাজার ৪৬৪ জন ভর্তি হয়েছে। এরমধ্যে হাম শনাক্ত হয়েছে ১৩৩ জনের।
বরিশাল বিভাগে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩১ জন শিশু। তাদের মধ্যে তিনজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ১৮ জন। এছাড়াও ভোলায় ৬ জন, বরগুনায় ৫ ও ঝালকাঠিতে দুই জনের মৃত্যু হয়েছে।