০৯ মে, ২০২৬
স্মার্টফোনের বাজারে র্যাম ও স্টোরেজের সংকটের কারণে ডিভাইসের দাম যখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, ঠিক তখনই আশার আলো দেখাচ্ছে মার্কিন টেক জায়ান্ট গুগল। র্যামের সংকট মেটাতে এবং পারফরম্যান্স কয়েক গুণ বাড়িয়ে দিতে গুগল নিয়ে এসেছে এক বৈপ্লবিক প্রযুক্তি। এই উদ্ভাবনের ফলে আগামী দিনে নামিদামি ব্র্যান্ডের স্মার্টফোনের দাম উল্লেখযোগ্য হারে কমতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে গুগল ইতিমধ্যেই 'টার্বো কোয়ান্টাম' নামক একটি বিশেষ অ্যালগরিদম তৈরি করেছে। এই প্রযুক্তির মূল কাজ হলো র্যামের ওপর অতিরিক্ত চাপ কমানো। এটি র্যামের ক্যাশ পার্টিশন প্রায় ৮০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে সক্ষম। ফলে ডিভাইসের মাত্র ২০ শতাংশ প্রয়োজনীয় তথ্য জমা রেখে বাকিটা স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার করে দেয় এই অ্যালগরিদম। এতে স্মার্টফোন ব্যবহারের সময় র্যামের ওপর বাড়তি চাপ পড়ে না এবং কার্যক্ষমতা বহুগুণ বেড়ে যায়।
বিশ্লেষকদের দাবি এই নতুন পদ্ধতিতে র্যামের সার্বিক পারফরম্যান্স প্রায় আট গুণ বৃদ্ধি পাবে। এর পাশাপাশি ডিভাইস সচল রাখার ক্ষেত্রে র্যামের ব্যবহার প্রায় ছয় গুণ কমে আসবে। সহজ কথায় এই প্রযুক্তির ফলে অল্প র্যাম ব্যবহার করেই অনেক বেশি শক্তিশালী ও দ্রুতগতির পারফরম্যান্স পাওয়া সম্ভব হবে। এতে স্মার্টফোন তৈরিতে উচ্চমূল্যের র্যামের প্রয়োজনীয়তা কমবে যা সরাসরি ফোনের উৎপাদন খরচ এবং বাজারমূল্য কমিয়ে আনতে সাহায্য করবে।
বর্তমানে চড়া দামের কারণে ১০ থেকে ১৫ হাজার টাকার স্মার্টফোনগুলোতে গ্রাহকরা সাধারণত মাত্র ৪ জিবি র্যাম এবং সীমিত স্টোরেজ পেয়ে থাকেন। গুগলের এই 'টার্বো কোয়ান্টাম' অ্যালগরিদম যদি সফলভাবে কাজ শুরু করে তবে সাশ্রয়ী দামেই আরও শক্তিশালী র্যাম ও বেশি স্টোরেজের স্মার্টফোন বাজারে আনা সম্ভব হবে। গুগলের এই পদক্ষেপ শুধু প্রযুক্তিগত উন্নতিই নয় বরং সাধারণ গ্রাহকদের সাধ্যের মধ্যে উন্নত মানের স্মার্টফোন পৌঁছে দেওয়ার পথে একটি বড় মাইলফলক হয়ে থাকবে।