১০ মে, ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলের তিনটি আম গাছ থেকে আম পেড়ে রুমে রুমে পৌঁছে দিয়েছেন হল সংসদের নেতারা। শনিবার (৯ মে) সকালে আম পাড়ার কার্যক্রম শুরু হয়। পরে দুপুরের দিকে রুমে রুমে আম বিতরণ করা হয়।
এ সময় হলের ভিপি আল ফারাবী, জিএস নূর নবী সোহান, এজিএস রিসালাত লিসান, বিজ্ঞান সম্পাদক গোলাম রাব্বানী ও সাহিত্য সম্পাদক নাঈম ও নির্বাহী সদস্য আবু আওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, হলের তিনটি আম গাছ থেকে আম পেড়ে ১২০ প্যাকেট করা হয়। এরপর হলের ১২০টি রুমে সেগুলো পৌঁছে দেওয়া হয়। এ ছাড়া রাতের খাবারের সময় হলের ডাইনিং থেকে অনাবাসিক শিক্ষার্থীদেরও মাঝে আম বিতরণ করা হয় বলে জানিয়েছেন হল সংসদের নেতারা।
সোহরাওয়ার্দী হল সংসদের ভিপি আবরার ফারাবী বলেন, হল শুধুমাত্র থাকার জায়গা নয়, এটি পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও শিক্ষার্থীদের সম্মিলিত একটি পরিবার। সেই ভাবনা থেকেই শিক্ষার্থীদের মাঝে সমতা ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে এ ক্ষুদ্র আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, বিতরণ কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে ব্লকভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়, যেন সকল শিক্ষার্থী সহজে ও সমানভাবে অংশগ্রহণ করতে পারে। কোনো শিক্ষার্থী যেন বঞ্চিত না হয়, সেজন্য আবাসিকদের পাশাপাশি অনাবাসিক শিক্ষার্থীদের মাঝেও বিতরণ করা হয়েছে।
ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণ, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং ইতিবাচক হল সংস্কৃতি গড়ে তুলতে হল সংসদ বিভিন্ন মানবিক ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ অব্যাহত রাখবে বলেও জানান তিনি।