১০ মে, ২০২৬
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল পাওয়া গেছে। পরে সেটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ।
শনিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুব আলমের মিল চাতাল সংলগ্ন লাচ্ছি নদীর দক্ষিণ পাশ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি পিস্তলটি উদ্ধার করে থানা পুলিশ। তবে উদ্ধারকৃত অস্ত্রটির মালিকানা কিংবা কীভাবে সেখানে এসেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
তবে এমন ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, পীরগঞ্জ উপজেলায় যারা লাইসেন্স নিয়ে পিস্তল ব্যবহার করতেন কিংবা যারা চোরাচালানের সাথে জড়িত তাদের বিষয়ে খতিয়ে দেখা প্রয়োজন। পিস্তলটি সত্যিকার অর্থে কার সেটি বের করা প্রয়োজন।
এ বিষয়ে পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রমানিক বলেন, অস্ত্রটির কোন মালিক পাওয়া যায়নি, এজন্য প্রাথমিকভাবে জিডি করে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অস্ত্রটি কোথা থেকে এসেছে এবং এর সঙ্গে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।