১০ মে, ২০২৬
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ক্যাম্প পুলিশের অভিযানে ট্রান্সফরমার চোরচক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে বামন্দী পশুহাট মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত উজ্জ্বল মালিথা (৪৮) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রেফায়েতপুর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের কালু মালিথার ছেলে।
পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি হচ্ছিলো।
ট্রান্সফরমার চোরচক্রকে ধরতে মাঠে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে বামন্দী পশুহাট মোড়ে অভিযান চালিয়ে উজ্জ্বল মালিথাকে আটক করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস জানান, আটককৃতের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
রবিবার তাকে মেহেরপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া পলাতক অন্যান্য সদস্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।