১০ মে, ২০২৬
মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে সদর উপজেলার ঘটকচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসাদুজ্জামান লিটন নামে আরও এক ব্যক্তিকেও আটক করা হয়েছে।
পুলিশ জানায়, শফিক খান দীর্ঘদিন ধরে একাধিক মামলার আসামি ছিলেন।
তাকে গ্রেপ্তারে বিভিন্ন সময় অভিযান চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে আসাদুজ্জামান লিটনের বাড়ি থেকে শফিক খানকে গ্রেপ্তার করে। ওই বাড়িতেই তিনি অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শফিক খানসহ দুজনকে আটক করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।