১০ মে, ২০২৬
বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনসহ হ্যাচিং বা অফুটন্ত ডিম ব্যবহারের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার সদর উপজেলায় বেলা ১১টা থেকে দুপুর ২টা এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল। এ সময় জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, সদর উপজেলার চারমাথা এলাকার একটি বেকারি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, কেক, বিস্কুট ও পাউরুটির মতো খাদ্যপণ্য তৈরিতে ব্যবহার করা হচ্ছে অফুটন্ত বা হ্যাচিং ডিম।
এছাড়া কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, প্যাকেটে অগ্রিম তারিখ ব্যবহার এবং অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। এসব অপরাধ স্বীকার করায় প্রতিষ্ঠানের মালিক নাজমুস সাকিবকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছিল। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড আর করবেন না বলে কথা দিয়েছেন।