১১ মে, ২০২৬
দাভিদ রায়া দারুণ তিনটি সেভে আর্সেনালকে বাঁচিয়ে রেখেছিলেন। খেলা শেষ হওয়ার আট মিনিট আগে লিয়ান্দ্রো ট্রসার্ডের গোল। ওয়েস্ট হ্যামের জালে বল ঠেলে জয়ের অপেক্ষা করছিল গানাররা। ৬ মিনিটের ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে স্বাগতিকরা তাদের হৃদয় ভেঙে দিয়েছিল কর্নার থেকে গোল করে।
স্কোর ১-১, ওদিকে ম্যানসিটি নিশ্চয়ই উল্লাসে মেতেছিল। কিন্তু আর্সেনাল গোলের সময় ফাউলের দাবি তোলে। রেফারি তিন-চার মিনিট ধরে ভিএআর দেখে গোল বাতিলের সিদ্ধান্ত জানান। হ্যামারদের কষ্টের সাগরে ভাসিয়ে আর্সেনাল আনন্দে মেতে ওঠে। ১-০ গোলে জয় পায় মিকেল আর্তেতার দল। দুই ম্যাচ হাতে রেখে ৫ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে তারা। ২২ বছরের শিরোপা খরা কাটাতে আর দুটি জয় দূরে আর্সেনাল।
শনিবার পেপ গার্দিওলার সেই 'কাম অন ইউ আয়রনস’ (ওয়েস্ট হ্যামের স্লোগান) উদ্দীপনা যেন প্রায় কাজে লেগে যাচ্ছিল, যখন ইনজুরি টাইমে ক্যালাম উইলসনের গোল ম্যানচেস্টার সিটির জন্য বড় এক উপহার হয়ে এসেছিল। কিন্তু দীর্ঘ ভিএআর পরীক্ষার পর গোলটি বাতিল করা হয়; আর্সেনাল গোলরক্ষক রায়াকে পাবলো ফাউল করায় রক্ষা পায় গানাররা।
৮২ মিনিটে ট্রসার্ড গোল করে আর্সেনালকে তাদের প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে রাখেন। এই জয়ে ২০০৪ সালের পর প্রথমবারের মতো লিগ শিরোপা জয়ের খুব কাছে পৌঁছে গেল তারা।
লন্ডন স্টেডিয়ামে তাদের গত দুটি সফরের সম্মিলিত স্কোরলাইন ১১-২ হলেও এবারের ম্যাচটি ছিল বাকি তিন ম্যাচের মধ্যে আর্সেনালের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা। এখন তাদের সামনে শিরোপা জয়ের পথে বাধা হয়ে আছে বার্নলি এবং ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দুটি ম্যাচ। ক্রিস্টাল প্যালেস অবশ্য সেই সময় রায়ো ভায়োকানোর বিপক্ষে তাদের কনফারেন্স লিগ ফাইনাল নিয়ে বেশি ব্যস্ত থাকবে।
অন্যদিকে ওয়েস্ট হ্যামের জন্য চিত্রটা একেবারে উল্টো। পূর্ব লন্ডনের ক্লাবটির জন্য এই মৌসুমে উদযাপনের কোনো উপলক্ষ নেই বললেই চলে। অবনমন এড়াতে জয়ের প্রয়োজন থাকলেও, তারা এখন পয়েন্ট টেবিলে টটেনহ্যামের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে পড়ার ঝুঁকিতে আছে—যদি সোমবার রাতে টটেনহ্যাম লিডসকে হারায়। আর চিরপ্রতিদ্বন্দ্বী আর্সেনালের জয়ে আজ টটেনহ্যাম সমর্থকরাও হয়তো একটু অন্যরকম আনন্দই পাচ্ছে! আর তিন ম্যাচ হাতে থাকলেও এই ফলাফলে ম্যানসিটি হয়তো দেয়ালে কপাল ঠুকছে।