১১ মে, ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঈদুল আজহায় বাড়ি ফেরা সহজ করতে বিভাগীয় শহরগুলোতে বিশেষ বাস সার্ভিস চালুর আবেদন জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
রোববার (১০ মে) জকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) মো. রিয়াজুল ইসলাম স্বাক্ষরিত এক আবেদনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এ অনুরোধ জানানো হয়।
আবেদনে বলা হয়, ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন রুটে যানবাহনের অতিরিক্ত চাপ, ভাড়া বৃদ্ধি এবং নিরাপত্তা ঝুঁকির কারণে শিক্ষার্থীদের যাতায়াতে মারাত্মক ভোগান্তি তৈরি হয়। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহসহ বিভাগীয় শহরগুলোতে বিশেষ বাস সার্ভিস চালু করা জরুরি ও সময়োপযোগী পদক্ষেপ হবে।
এতে আরও বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, আমরা উপাচার্যের সঙ্গে কথা বলেছি। তিনি বিষয়টি নিয়ে দ্রুত সভা করে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন। বিষয়টিকে তিনি ইতিবাচকভাবে দেখছেন এবং আমাদের প্রস্তাবের প্রতি সমর্থন রয়েছে। আমরা আশাবাদী, শিক্ষার্থীদের স্বার্থে এবারও একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে।