১১ মে, ২০২৬
টানা পঞ্চম লিগ ওয়ান শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে পিএসজি। রোববার (১০ মে) ঘরের মাঠে ব্রেস্টকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করার খুব কাছাকাছি চলে এসেছে লুইস এনরিকের দল। এখন আর মাত্র একটি পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হবে পিএসজি।
গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার পর এই ম্যাচে একাদশে নয়টি পরিবর্তন আনেন কোচ এনরিকে। তবু আধিপত্য ধরে রাখতে সমস্যা হয়নি স্বাগতিকদের।
ম্যাচের শুরুতেই লুকাস হার্নান্দেজের জোরালো শট দারুণ দক্ষতায় ঠেকান ব্রেস্ট গোলরক্ষক গ্রেগোয়ার কুদার। এরপর তরুণ দ্রো ফার্নান্দেজ ও গনসালো রামোসও সুযোগ পেলেও গোলের দেখা পাননি। অন্যদিকে ব্রেস্টের সবচেয়ে ভালো সুযোগটি আসে এরিক জুনিয়র দিনা এবিমবের পায়ে, তবে পিএসজির গোলরক্ষক রেনাতো মারিন সেটি প্রতিহত করেন।
দ্বিতীয়ার্ধে খেলায় ছন্দ ফেরাতে মাঠে নামানো হয় ভারাস্ককেলিয়া, দেম্বেলে ও দুয়েকে। বদলি নামার পরই ম্যাচে গতি আসে। এক পর্যায়ে সেনি মায়ুলুর শক্তিশালী শট ক্রসবারে লেগে ফিরে আসে। অবশেষে ৮২তম মিনিটে জয়সূচক গোলটি করেন দুয়ে। বক্সের বাইরে থেকে নেয়া তার নিচু শট ঠেকাতে পারেননি কুদার।
এই জয়ে পিএসজি এখন ব্রেস্টের বিপক্ষে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকল। আর ছয় পয়েন্টের ব্যবধানে শীর্ষে থাকা প্যারিসিয়ানরা আগামী বুধবার (১৩ মে) দ্বিতীয় স্থানে থাকা লেন্সের বিপক্ষে ম্যাচেই শিরোপা নিশ্চিত করার সুযোগ পাচ্ছে।