১১ মে, ২০২৬
সাভারের পশ্চিম রাজাশন এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও মাদকসহ তিন শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার রাতে সাভার পৌর এলাকার পশ্চিম রাজাশন মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৪।
গ্রেফতাররা হলেন— চাঁদপুরের সুমন মিয়া (৩৮), দিনাজপুরের সবুজ (২৬) ও ঢাকার জহুরুল হাসান (২০)
র্যাব জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌর এলাকার পশ্চিম রাজাশন মহল্লায় র্যাবের একটি টিম অভিযান চালায়। এ সময় একটি পিস্তল, তিনটি ম্যাগজিন ও ২১ রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
র্যাব-৪, সিপিসি-২ এর কম্পানি কমান্ডার শাহীনুর কবির বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রধারী তিন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি পিস্তল, তিনটি ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়েছে।
এছাড়া তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন, ১ কেজি গাঁজা ও ১৪৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার করা অবৈধ অস্ত্র দিয়ে তারা পরস্পর যোগসাজশে সাভার, আশুলিয়া থানাসহ আশপাশের এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা পেশাগতভাবে মাদক ব্যবসায়ী। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।