বরগুনায় নারকেল গাছের মালিকানা বিরোধে একজনকে পিটিয়ে হত্যা

১১ মে, ২০২৬

বরগুনার পাথরঘাটায় নারকেলগাছের মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত আলম ফিটার (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১১ মে) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত আলম ফিটার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের হরিণঘাটা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মৃত ধলু মাঝির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১০ মে) দুপুরে উপজেলার হরিণঘাটা গ্রামে আলম ফিটারের বাড়ির সামনে জমির সীমানায় থাকা একটি নারকেলগাছের মালিকানা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এদিন আলম ফিটার ওই গাছ থেকে কয়েকটি নারকেল পেড়ে বাড়িতে নিয়ে গেলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এ সময় প্রতিপক্ষের লোকজন লাঠি দিয়ে আলম ফিটারের মাথায় সজোরে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

স্বজনরা আহত অবস্থায় তাকে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, মরদেহের ময়নাতদন্ত ঢাকায় সম্পন্ন হয়েছে।

ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে ও এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।