১১ মে, ২০২৬
গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যসহ ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে মান্নান খান ও একই গ্রামের কামরুল খান পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান খান (৬০), বর্তমান ইউপি সদস্য মেহেদী খান (৩৫), তার মা সাবেক মহিলা ইউপি মেম্বর হাসিনা বেগম (৫৫), সোহাগ খানসহ সাতজন।
এই ঘটনায় অন্যপক্ষেরও ছয়জন ওই হাসপাতালে ভর্তি হয়েছেন।
আহত ছাব্বির হোসেন জানান, তার বাবা সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান খানের মুদি দোকান থেকে প্রতিপক্ষের লোকজন দীর্ঘদিন বাকিতে কেনাকাটা করতেন। প্রায় ৯ মাস আগে পাওনা টাকা চাইতে গেলে তারা বিভিন্ন হুমকি দেন। এ ঘটনায় তখন থানায় একটি মামলা করা হয়েছিল।
সেই ঘটনার জেরে রবিবার প্রতিপক্ষের গামা, রুবেলসহ ২০ থেকে ৩০ জন পরিকল্পিতভাবে প্রথমে তার বাবার ওপর এবং পরে পরিবারের অন্য সদস্যদের ওপর হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে অন্যপক্ষের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউই কথা বলতে রাজি হননি।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ছাব্বির হোসেন জানান, আহত ১৩ জনের অবস্থাই গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাটি নিয়ে থানায় কোনো মামলা হয়নি।