উখিয়ায় ছয় বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

১১ মে, ২০২৬

 

কক্সবাজারের উখিয়ায় মাদক মামলায় ৬ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল রবিবার রাতে পালংখালী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৫ এর সহকারী হকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল উখিয়া থানার পালংখালী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

ওই অভিযানে খাইরুল বশর প্রকাশ পুতিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। তিনি মাদক মামলার পলাতক ও ছয় বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি।

খাইরুল উখিয়া উপজেলার পালংখালীর নাজির হোসেনের ছেলে। তিনি চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার একটি মাদক মামলার আসামি।

র‌্যাব জানিয়েছে, তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।