১২ মে, ২০২৬
ঢাকার সাভারে জুতার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঈদে বিক্রির জন্য আনা অনেক জুতা পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (১১ মে) রাত ১১টা ৫ মিনিটের দিকে সাভার বাজার এলাকায় সাজ্জাদ পাদুকা নামে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস জানায়, রাত ১১টা ৫ মিনিটের দিকে সাভার বাজার এলাকায় সাজ্জাদ পাদুকা নামে একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ফায়ার সার্ভিসের সাভার ও জিরানির পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, “সাজ্জাদ পাদুকা নামে দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে এসে প্রচুর ধোঁয়া দেখতে পাই। প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখানে পাঁচটা ইউনিট কাজ করে। ঈদের আগে প্রচুর জুতা আনা ছিল। সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে পার্শ্ববর্তী মার্কেটের কোনো ক্ষতি হয়নি।”