ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১২ মে, ২০২৬

 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সন্দেহজনক হামের আক্রান্ত ৭ মাস বয়সী এক ছেলে শিশু মারা গেছে। ওই শিশু ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাসিন্দা।  

হাসপাতাল সূত্রে জানায়, ওই শিশু গত ১০ মে সকালে হাসপাতালে ভর্তি হয় এবং চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১১ মে) বিকেলে মারা যায়।

মঙ্গলবার (১২ মে) সকালে হাসপাতালের হামের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্র জানায়, হাম আক্রান্ত রোগীর চাপ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। বর্তমানে হাসপাতালটিতে হাম আক্রান্ত মোট ৯৬ জন রোগী ভর্তি রয়েছেন।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি শুরু হলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

চিকিৎসকরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। শিশুদের সময়মতো টিকা প্রদান নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।