ঢাকায় আজ হতে পারে বজ্রসহ বৃষ্টি

১২ মে, ২০২৬

 

রাজধানী ঢাকায় গত কয়েকদিন ধরে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হচ্ছে। কখনো সকালে, কখনো দুপুর আবার কখনো বিকেলে বাগড়া দিচ্ছে বৃষ্টি। ভ্যাপসা গরমের মধ্যে এমন বৃষ্টি ক্ষণিকের জন্য স্বস্তি মিললেও জলজটের কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। এমন পরিস্থিতিতে আজ মঙ্গলবার ঢাকায় বৃষ্টি হবে কিনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, আকাশ আংশিক মেঘলা হতে অস্থায়ীভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। অস্থায়ীভাবে হালকা ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণ/ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ২৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৩ মিলিমিটার বৃষ্টি ঝরেছে।