ইরানে সশস্ত্র গোষ্ঠীর সন্দেহভাজন সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর

১২ মে, ২০২৬

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সক্রিয় বেলুচ সশস্ত্র গোষ্ঠী ‘আনসার আল-ফুরকান’র এক সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি।ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তির নাম আবদুলজলিল শাহবাখশ। তার বিরুদ্ধে ইরানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়।

এ ছাড়া তিনি একটি ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ সদস্য ছিলেন বলেও অভিযোগ করে কর্তৃপক্ষ।

ইরানের একটি আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। পরে দেশটির সুপ্রিম কোর্টও সেই রায় বহাল রাখে বলে জানিয়েছে তাসনিম। দীর্ঘদিন ধরেই অস্থিরতার মধ্যে রয়েছে সিস্তান-বেলুচিস্তান প্রদেশ।

সেখানে বিভিন্ন বেলুচ সশস্ত্র গোষ্ঠী সক্রিয়। এসব গোষ্ঠীর বিরুদ্ধে প্রায়ই নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানোর অভিযোগ আনে ইরান সরকার। এর জবাবে দেশটির নিরাপত্তা বাহিনী অভিযান ও গ্রেপ্তার কার্যক্রম চালিয়ে আসছে।