বোলারদের সুবিধা দিতে যে নিয়ম পরিবর্তনের পরামর্শ গাভাস্কারের

১২ মে, ২০২৬

আইপিএলের চলমান আসরে প্রথম ৫৫টি ম্যাচের মধ্যে ৪৪টিতে ২০০ বা তার বেশি রান হয়েছে। রীতিমতো রানের বন্যা বইয়ে যাচ্ছে এই ফ্র্যাঞ্চাইজি লিগে। বোলারদের যেন কিছুই করার থাকছে না। এমন পরিস্থিতিতে বোলারদের পাশে দাঁড়িয়েছেন সুনীল গাভাস্কার। আইপিএলে একটি নিয়ম পরিবর্তনের দাবি জানিয়েছেন তিনি।

গাভাস্কারের মতে, বোলারদের বিষয়টিও একটু ভাবা উচিত ভারতীয় ক্রিকেট বোর্ডের। তিনি লিখেছেন, 'আমার মনে হয় বোলারদের চার ওভার বল করার নিয়ম নিয়ে একটু ভাবা উচিত। যদি এক জন ব্যাটারের পুরো ২০ ওভার ব্যাট করার সুযোগ থাকে, তাহলে এক বোলারের কেন চার ওভারের বেশি বল করার সুযোগ থাকবে না। যে ভালো বোলিং করছে, তাকে অন্তত একটা বেশি ওভার বল করার অনুমতি দেওয়া উচিত।'

গাভাস্কারের মতে, টি-টোয়েন্টিতে বেশির ভাগ বোলার উইকেট নেওয়ার বদলে রান আটকানোর চেষ্টা করেন। নিয়ম পরিবর্তন করলে সেটা হবে না। গাভাস্কার লিখেছেন, 'যদি এই নিয়ম কার্যকর হয়, তাহলে বোলাররা শুধু বাঁচার চেষ্টা করবে না। তারা উইকেট নেওয়ারও চেষ্টা করবে। কারণ, যে বলে উইকেট পড়ে সেটাই তো সবচেয়ে ভালো বল।'

ভুবনেশ্বর কুমারের উদাহরণ টেনে গাভাস্কার লিখেছেন, 'ভুবনেশ্বর যেভাবে বোলিং করছিল, তাতে অধিনায়কের ক্ষমতা থাকলে অবশ্যই তাকে দিয়ে আরও একটা ওভার করানো হতো। তাহলে হয়তো ম্যাচের চিত্রটা বদলে যেত। ক্রিকেট ব্যাটারদের খেলা। বেশির ভাগ নিয়মই ব্যাটারদের পক্ষে। কিন্তু বোলারদের দিকটাও আমাদের ভাবতে হবে। তাহলে খেলা আরও উপভোগ করতে পারব।'

আইপিএলে যেভাবে প্রযুক্তির ব্যবহার করে ওয়াইড ও নো বল দেখা হচ্ছে, তাতে বোলারদের আরো বেশি বিপদে পড়তে হচ্ছে বলে মনে করেন গাভাস্কার। পাশাপাশি মাঠ ছোট হয়ে যাওয়ায় চার-ছক্কার সংখ্যা আরও বাড়ছে। ফলে বোলারদের ক্ষমতা কিছুটা বাড়ানো উচিত বলে মনে করেন গাভাস্কার।