১২ মে, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় ডাকাত আব্দুল কাদেরসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত নবীনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে র্যাব।
মঙ্গলবার দুপুরে র্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরনবী এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন— ডাকাত সফিকের সহযোগী খাগাতুয়া গ্রামের আব্দুল কাদির, একই এলাকার রাহিম আহমেদ, আব্দুর রহমান প্রকাশ অপু মিয়া, নূর আলম ও জামাল মিয়ার স্ত্রী ছানোয়ারা বেগম।
এ সময় তাদের কাছ থেকে একটি রামদা, একটি হুইল সদৃশ অস্ত্র, একটি চাকু ও দুটি লোহার রড উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত সোমবার বিকালে র্যাবের গোয়েন্দা দলের চার সদস্য তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় যাচ্ছিলেন। পথে নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে পৌঁছালে সন্ত্রাসী শফিক ও তার সহযোগীরা অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়।
র্যাবের সদস্যদের জিম্মি করে হামলাকারীরা নিজেদের আস্তানায় নিয়ে বেদম মারধর করা হয়।
এতে চার সদস্য গুরুতর আহত হন। পরে বিষয়টি জানতে পেরে অন্য র্যাবের অন্য সদস্যরা স্থানীয় গ্রামবাসীর সহায়তায় তাদের উদ্ধার করেন। আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ওই ঘটনার পরপরই হামলাকারীদের গ্রেফতারে রাতভর খাগাতুয়া গ্রামে অভিযান চালায় র্যাব। অভিযানে ডাকাত আব্দুল কাদিরসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী শফিক ডাকাত ও তার সহযোগী আব্দুল হালিম (৩৪) পালিয়ে যায়।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, এই ডাকাত দলের সদস্যরা এর আগেও নবীনগর থানা পুলিশের ওপর দুই দফা হামলা চালিয়েছিল।
এ বিষয়ে নবীনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।