১২ মে, ২০২৬
গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া গতির কাভার্ডভ্যানের চাপায় এক রিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বিঘ্নিত হয়। পরে মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
মঙ্গলবার (১২ মে) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলা বাজার এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিকশা চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ।
মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান জানান, ওই সময় ঢাকাগামী লেনে একটি কাভার্ডভ্যান চলছিল। একই লেনে থাকা একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রিকশার ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই রিকশাচালকের মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করে মাওনা হাইওয়ে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।