১৩ মে, ২০২৬
চিত্রনায়ক জয় চৌধুরীর হাতে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ২০২৪ সাল থেকে পালিত হয় ‘চলচ্চিত্রের কালো দিবস’। এ দিবস পালনের দুই বছর পেরোতেই এফডিসিতে আবারও সাংবাদিক পেটানোর হুমকি দিয়েছেন অভিনেতা। হুমকির তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।
গত সোমবার (১১ মে) আনুমানিক রাত ১০টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দফতর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বিনোদন সাংবাদিক রুহুল আমিন ভূঁইয়াকে মোবাইল ফোনে শারীরিকভাবে আঘাত করার হুমকি দেয়। এ ঘটনায় বাচসাস-এর সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন।
জানা যায়, আসন্ন শিল্পী সমিতির নির্বাচনকে সামনে রেখে সাংবাদিক রুহুল আমিন ভূঁইয়া তার পেশাগত দায়িত্ব পালন করতে এফডিসিতে নিয়মিত যাতায়াত করেন। এতে জয় চৌধুরী তাকে শারীরিকভাবে আঘাত করার হুমকি দেন। বাচসাসের দফতর সম্পাদকের চাকরি খেয়ে ফেলার হুমকিসহ নানাভাবে তাকে হয়রানি করেন।
শুধু রুহুল আমিন ভূঁইয়াকে নয়, গত ১০ মে জয় চৌধুরী বাচসাস সদস্য দৈনিক মানবকণ্ঠের বিনোদন সাংবাদিক রঞ্জু সরকারকে উদ্দেশ্য করে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেন। নায়কের এ আচরণ কোনো দায়িত্বশীল চলচ্চিত্র শিল্পীর কাছ থেকে কাম্য হতে পারে না। তার ঔদ্ধত্যপূর্ণ এ আচরণ স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
এ ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয় বলে মনে করছেন বাচসাস-এর সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল। তারা মনে করেন, স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং পেশাগত দায়িত্ব পালনসহ সুন্দর পরিবেশ তৈরিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উচিৎ জয় চৌধুরীর ব্যাপারে সংগঠনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
প্রসঙ্গত, ২০২৪ সালে শিল্পী সমিতির মিশা সওদাগর ও ডিপজল নেতৃত্বাধীন নতুন কমিটির শপথ অনুষ্ঠানে জয় চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) সাংবাদিকদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। নতুন নির্বাচনেও জয় আবারও সাংবাদিক ও তাদের সংগঠনকে হুমকি দিলেন যা শিল্পী ও সাংবাদিকদের মধ্যকার পেশাগত পারস্পরিক দায়িত্ব নষ্ট করছে বলে মনে করে বাচসাস।