চট্টগ্রামে পৃথক ঘটনায় দুজন নিহত

১৩ মে, ২০২৬

 

চট্টগ্রামের লোহাগাড়া ও বাঁশখালী উপজেলায় পৃথক ঘটনায় দুজন নিহত হয়েছেন। জমি ও বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

লোহাগাড়ায় নিহত ব্যক্তি হলেন চরম্বা জামেউল উলুম মাদ্রাসার সুপার মাওলানা আবুল কাশেম (৬০)। বুধবার সকালে উপজেলার চরম্বা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আবুল কাশেমের পরিবারের সঙ্গে তাঁর চাচাতো ভাইদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা দিয়ে হামলা চালালে আবুল কাশেম গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, জায়গা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

অন্যদিকে বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও এলাকায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত হয়েছেন মো. হাছান (২৪) নামে এক যুবক।

তিনি ওই এলাকার মো. বশরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একই এলাকার দুই ভাই বশর ও নাছির উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাক্‌বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

এ সময় নাছির উদ্দিনের ছেলে রাকিব লাঠি দিয়ে হাছানের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। সংঘর্ষে হাছানের বাবা বশরও আহত হন।

পরে গুরুতর অবস্থায় হাছানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।