১৩ মে, ২০২৬
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৩০ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় চোরাচালান চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার গড়মহাস্থান দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন—শিবগঞ্জ উপজেলার গড়মহাস্থান দক্ষিণপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে রফিকুল ইসলাম (৫৪) এবং বগুড়া সদর উপজেলার নিশিন্দারা পশ্চিমপাড়া এলাকার নাহিদুর রহমান (৩২)।
বুধবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার এ তথ্য জানান।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও মূল্যবান মূর্তি সংগ্রহ করে বিদেশে পাচারের সঙ্গে জড়িত একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে।
গ্রেপ্তার দুজন ওই চক্রের সদস্য।
ডিবির ওসি ইকবাল বাহার বলেন, উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তিটির দৈর্ঘ্য ৩০ ইঞ্চি, প্রস্থ ১৪ ইঞ্চি এবং ওজন ৩০ কেজি ৭০০ গ্রাম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূর্তিটি ভারতে পাচারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল।
তিনি আরও বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে আদালতের নির্দেশনা অনুযায়ী মূর্তিটি তাদের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় চোরাচালানবিরোধী আইনে মামলা করা হয়েছে।