১৩ মে, ২০২৬
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়নে ১৮টি বহুতল আবাসিক ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ পুরোনো ভবনগুলো ভেঙে আধুনিক সুবিধাসম্পন্ন আবাসন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।
বুধবার দুপুরে রাজধানীর দয়াগঞ্জস্থ পরিচ্ছন্নতা কর্মী নিবাস পরিদর্শন শেষে উপস্থিত কর্মী ও স্থানীয় সুধীজনের উদ্দেশ্যে এসব তথ্য জানান।
প্রশাসক বলেন, বিদ্যমান আবাসনগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
তাই নির্মাণকাজ শুরুর আগে বাসিন্দাদের নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থা করা হবে। বাসিন্দাদের সহযোগিতা পেলে দ্রুতই আধুনিক আবাসন নির্মাণ সম্পন্ন করা সম্ভব হবে।
তিনি জানান, মিরনজিল্লা, ধলপুর, গণকটুলি, দয়াগঞ্জ, ওয়ারী ও পোস্তগোলাসহ বিভিন্ন এলাকায় ১৮টি বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন মিললেই প্রকল্পের কাজ শুরু হবে।
নাগরিক সুবিধা প্রসঙ্গে মো. আবদুস সালাম বলেন, নতুন আবাসন প্রকল্পে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। সেখানে উপাসনালয় এবং শিশুদের জন্য খেলার মাঠও থাকবে।
তিনি আরও জানান, পরিচ্ছন্নতা কর্মীদের বকেয়া বিদ্যুৎ বিল কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়া হবে এবং গ্যাস বিল পরিশোধে ডিএসসিসির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে।
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও নির্দেশনা দেন প্রশাসক।
তিনি বলেন, কোরবানির বর্জ্য সর্বোচ্চ ৮ ঘণ্টার মধ্যে অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণাও দেন তিনি।
শহর পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, নাগরিকদের সচেতনতা ছাড়া শুধু পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে টেকসই পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা সম্ভব নয়।
পরিদর্শনকালে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।