বিয়ে করলেন কার্টুনিস্ট মোরশেদ মিশু

১৪ মে, ২০২৬

জনপ্রিয় কার্টুনিস্ট ও বিনোদন জগতের পরিচিত মুখ মোরশেদ মিশু জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাহমিনা শিপার সঙ্গে।

সম্প্রতি রাজধানীর মসজিদ আল মুস্তাফায় দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে অত্যন্ত ঘরোয়া ও ধর্মীয় পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কোনো আড়ম্বর নয়, বরং সাদামাটা আয়োজনেই জীবনের বিশেষ এই মুহূর্তটি উদ্‌যাপন করেছেন এই দম্পতি।

জীবনের বিশেষ এই মুহূর্তে উচ্ছ্বাস প্রকাশ করে মোরশেদ মিশু বলেন, ‘ভালোবাসার মানুষকে বিয়ে করতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। আমার মনে হয় সবারই উচিত নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করা, যাতে তারা এই অকৃত্রিম সুখের অভিজ্ঞতা লাভ করতে পারে।’

নিজেদের পরিচয়ের গল্পটি বরাবরের মতোই হাস্যরসের সঙ্গে শুনিয়েছেন মিশু। তিনি জানান, তাদের এই সম্পর্কের শুরুটা ছিল অনেকটা সিনেমার মতো। শিপার অফিসের জানলা দিয়ে প্রথম দেখাতেই মিশু তার প্রেমে পড়ে যান।

স্মৃতিচারণ করে মিশু বলেন, ‘আমি আমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে তার অফিসের নিচে গিয়েছিলাম। ওপরের জানালা দিয়ে আমাকে দেখে শিপা আমার বন্ধুকে জিজ্ঞাসা করেছিল আপু, উনি কি মোরশেদ মিশু? যিনি কার্টুন আঁকেন এবং ‘পেটকাটা ষ’ করেছেন? আমার বন্ধু তাকে দেখা করার প্রস্তাব দিলে শিপা না করে দেয়। সে ভেবেছিল আমি বোধহয় সেলিব্রিটি হিসেবে খুব অহংকারী হব! পরে আমার বন্ধু তাকে বলে যে, আমি যথেষ্ট বন্ধুসুলভ।’

তিনি বলেন, ‘তাকে দেখেই আমি পুরো কুপোকাত! আমি সাথে সাথে আমার বন্ধুর কাছে জানতে চাই সে সিঙ্গেল কি না এবং তার ইনস্টাগ্রাম আইডি চাই। এরপর স্বয়ং ‘ম্যাডাম শিপা’ সব শুনে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দিলেন। আর এভাবেই আমাদের রূপকথার শুরু।’