যশোরে মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরী নিহত

১৪ মে, ২০২৬

যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল আজিজ গাজী (৬৫) নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন।

বুধবার (১৩ মে) রাতে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুল আজিজ গাজী ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বেনেয়ালী গ্রামের মৃত আহম্মেদ গাজীর ছেলে। তিনি বেনেয়ালী বাজারে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। 

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম জানান, বুধবার রাত আনুমানিক ৯টার দিকে আব্দুল আজিজ গাজী নিজ বাড়ি থেকে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে বেনেয়ালী বাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।