১৪ মে, ২০২৬
রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় লরির চাপায় মো. নুরে আলম হোসেন নয়ন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১৩ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় লরির চালক নজরুল ইসলাম তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সমরিতা হাসপাতাল। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত সোয়া ৮টায় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
নিহত নুরে আলম হোসেন নয়ন চাদপুরের হাইমচর উপজেলার নীলকমল গ্রামের আব্দুল আলিমের ছেলে। বর্তমানে তেজগাঁও বেগুনবাড়ি দিবিকার মোড় এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তিনি এএম খান কোম্পানিতে ইঞ্জিন মিস্ত্রী হিসাবে কাজ করতেন। সেই কোম্পানিরই লরির চাপায় তিনি মারা যান।
নিহতের বাবা আব্দুল আলিম জানান, নুরে আলম বিকালে মোটরসাইকেল নিয়ে কাজে বের হয়েছিল। পরে সংবাদ পাই সন্ধ্যায় বাসায় ফেরার পথে সে দুর্ঘটনার শিকার হয়েছে।
জানা গেছে, কাজ শেষে মোটরসাইকেল নিয়ে বের হয়ে, পথিমধ্যে আরেকটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি পড়ে যান। এসময় লরির চাপায় গুরুতর আহত হন তিনি। লরির পেছনের চাকা তার পায়ের ওপর দিয়ে চলে যায়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।