১৪ মে, ২০২৬
রাজধানীর লালবাগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের দখল করা ‘বধির হাই স্কুল’-এর জমি উদ্ধার করা হয়েছে।
দীর্ঘ দুই দশক পর বুধবার (১৩ মে) ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা খানমের নেতৃত্বে এক বিশেষ অভিযানে মদিনা গ্রুপের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে জমিটি স্কুল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
এর আগে ২০০৫ সালে তৎকালীন রাষ্ট্রপতির পক্ষে ঢাকা জেলা প্রশাসক বধির হাই স্কুলের নামে ১ একর জমি দীর্ঘমেয়াদি বন্দোবস্ত (লিজ) প্রদান করেন। পরবর্তীতে স্কুলটি জাতীয়করণ করা হলে জমির মালিকানা সরাসরি সরকারের হাতে ন্যস্ত হয়। কিন্তু আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের মালিকানাধীন প্রভাবশালী মদিনা গ্রুপ দীর্ঘদিন ধরে জমিটি দখল করে সেখানে পেট্রোল পাম্প ও বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে তুলেছিল। ইতোপূর্বে তিনবার উচ্ছেদ অভিযান চালানো হলেও তারা পুনরায় জমিটি দখল করে নেয়।
এর প্রেক্ষিতে বুধবার সকালে জেলা প্রশাসনের একটি চৌকস টিম উচ্ছেদ অভিযানে নামে। এ সময় লালবাগ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এবং লালবাগ বিভাগীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারী যন্ত্রপাতি ও বুলডোজার ব্যবহার করে মদিনা গ্রুপের পেট্রোল পাম্প ও অবৈধ স্থাপনাগুলো সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত পুরো এক একর জমি ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে বধির হাই স্কুল কর্তৃপক্ষের নিকট বুঝিয়ে দেওয়া হয়। বর্তমানে পুরো জমিটি সীমানা নির্ধারণ করে স্কুলের নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে।
অভিযান পরিচালনা শেষে ঢাকার জেলা প্রশাসক মিজ ফরিদা খানম বলেন, 'এই জমিটি মূলত বিশেষ শিশুদের শিক্ষার জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী গোষ্ঠী এটি অবৈধভাবে দখল করে রেখেছিল। এখন তা সম্পূর্ণ দখলমুক্ত করা হয়েছে। এখন থেকে এখানে স্কুল কর্তৃপক্ষ নির্বিঘ্নে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবে।'
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পর নিজেদের জমি ফিরে পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় সাধারণ মানুষ। তারা জানান, এই জমিটি উদ্ধার হওয়ায় এখন স্কুলের নতুন ভবন নির্মাণ ও শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের পথ সুগম হলো।
জেলা প্রশাসন আরও জানিয়েছে, সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের জমি রক্ষায় এ ধরনের কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।