১৪ মে, ২০২৬
গাজীপুরের টঙ্গী গাজীবাড়ি বৌ বাজার এলাকায় একটি জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, ভোর প্রায় ৫টার দিকে পাঁচ কক্ষবিশিষ্ট ওই জুতা তৈরির কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টঙ্গী স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে কারখানায় রাখা জুতা, জুতা তৈরির কাঁচামাল ও বিভিন্ন মেশিনপত্র পুড়ে যায় বলে জানা গেছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, কারখানাটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল এবং এর কোনো ফায়ার লাইসেন্স ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।