১৪ মে, ২০২৬
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোরসালিন (১৫) নামে এক কিশোরকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া আনসারডাঙ্গী এলাকায় বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত লামিয়া আক্তার ওই এলাকার শফিকুল রহমানের মেয়ে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুর থেকে লামিয়া নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে এলাকাজুড়ে মাইকিং করা হয়।
আজ সকালে স্থানীয় কয়েকজন বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন সেখানে জড়ো হন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে মোরসালিন নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানুল্লাহ আল বারী বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে