ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, নিহত দুই

১৪ মে, ২০২৬

 

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়ায় একটি কাভার্ড ভ্যানকে একটি পিকআপ পেছন দিক থেকে ধাক্কা দিলে পিকআপের চালক প্রবীর রায় চৌধুরী (৩৬) ও হেলপার জুয়েল (১৭) ঘটনাস্থলে মারা যায়। বৃহস্পতিবার ভোর চারটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত পিকআপের চালক প্রবীর রায় চৌধুরী লালমনিরহাট জেলার সদর থানার শিশির কুমার রায় চৌধুরীর ছেলে এবং গাড়ির হেলপার জুয়েল কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারিজার গ্রামের আব্দুল হাকিমের ছেলে।  

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর চারটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার পুলিয়া নামক স্থানে ঢাকামুখী একটি কাভার্ড ভ্যানকে ঢাকামুখী দুধ ও মিষ্টি বোঝাই একটি পিকআপ পিছন দিক থেকে ধাক্কা দিলে পিকআপটি কাভার্ড ভ্যানের ভিতরে ঢুকে যায়।

এ সময় কাভার্ড ভ্যানের চালক ও হেলপার গাড়ির মধ্যে আটকা পড়ে।  

পরে খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। তাদেরকে গুরুতর আহত অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করেন।

তিনি বলেন, একটি কাভার্ড ভ্যানকে একটি পিকআপ পিছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ থানায় রয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।