১৪ মে, ২০২৬
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছররা গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খাদেমুল উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্ত পিলার ৯০৫/৬ এস-এর প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারি কাঁটাতারের বেড়ার কাছে গেলে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে।
এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় আঘাত লাগে।
গুলিবিদ্ধ অবস্থায় তার সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রমজান আলী বলেন, সীমান্তে একজন গুলিবিদ্ধ হলে তাকে তার স্বজনরা রংপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএসএফের এমন কর্মকাণ্ডের জন্য প্রতিবাদ পত্র পাঠানো হয়েছে।
পতাকা বৈঠকের আহ্বান করলেও এখন পর্যন্ত কোন সাড়া দেয়নি বিএসএফ।