১৪ মে, ২০২৬
কক্সবাজারে র্যাব-১৫ এর পৃথক অভিযানে লবণের ট্রাকে ১ লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি এবং ঈদগাঁওয়ে অস্ত্র-গুলিসহ দুই ডাকাত গ্রেফতার।র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানিয়েছেন, ১৩ মে রাতে র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একদল মাদক ব্যবসায়ী লবণের ট্রাকে করে ইয়াবার একটি বড় চালান পাচারের উদ্দেশ্যে টেকনাফের সাবরাং এলাকায় অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাতে সাবরাং ইউনিয়নের ডেগিল্যার বিল এলাকায় অভিযান চালিয়ে লবণের ট্রাকে বিশেষ কায়দায় লুকানো এক লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত ট্রাক ও ১০০ মণ লবণসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন চট্টগ্রামের বাঁশখালীর মোঃ এমরানুল ইসলাম (২০) ও টেকনাফের নুর মোহাম্মদ (৪২।
পৃথক আরেকটি অভিযানে, ১৪ মে রাত ১ টায় র্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি দল ঈদগাঁও থানাধীন আলমাছিয়া পূর্ব গেইট এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে স্বপ্নচূড়া মার্কেটের সামনে ডাকাতির উদ্দেশ্যে ওৎ পেতে থাকা অবস্থায় ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং ৫ রাউন্ড তাজা কার্তুজসহ দুই ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ঈদগাঁও থানার কালীরছড়া এলাকার মো. এনামুল হক ওরফে এনাম (২৩), নুরুল আফসার রিপন ওরফে আফসার (৪০)।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।