ধর্ষণের অভিযোগে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

১৫ মে, ২০২৬

যুক্তরাজ্যের লন্ডনে একাধিক তরুণী এবং কিশোরীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে এক ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

টাওয়ার হ্যামলেটসের ওল্ড ফোর্ড রোডের বাসিন্দা আব্দুল হালিম খান নামে ওই ইমামকে বৃহস্পতিবার স্নেয়ারসব্রুক ক্রাউন কোর্টে হাজির করে লন্ডন নগর পুলিশ। পরে আদালত তাকে যাবজ্জীবন অর্থাৎ ন্যূনতম ২০ বছরের যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

গত ১৩ ফেব্রুয়ারি হালিম খান সাতজন ভুক্তভোগীর বিরুদ্ধে ২১টি যৌন অপরাধের জন্য দোষী সাব্যস্ত হন, যার মধ্যে ৯টি ধর্ষণের অভিযোগ ছিল।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, স্থানীয় বাঙালি কমিউনিটিতে ইমাম হিসেবে নিজের পদের অপব্যবহার করে আধ্যাত্মিক ক্ষমতার ভান ধরে হালিম খান বিভিন্ন নারী ও কিশোরীদের যৌন নির্যাতন করতেন।

তদন্তের নেতৃত্বে থাকা লন্ডন নগর পুলিশের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর জেনি রোনান বলেন, “আব্দুল হালিম খান নিজেকে একজন শ্রদ্ধেয় ও বিশ্বাসযোগ্য ব্যক্তি হিসেবে উপস্থাপন করেছিলেন। অথচ এটি ছিল সত্য থেকে অনেক দূরে। তিনি নারীদের ওপর শিকারের মত ঝাঁপিয়ে পড়তেন ও তাদের দুর্বলতার সুযোগ নিতেন।