চট্টগ্রামে নতুন কমিটি ঘোষণা এনসিপির, গণপদত্যাগের ডাক

১৫ মে, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক ও আরিফ মঈনুদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ১০টার দিকে এনসিপির অফিশিয়াল ফেসবুক ফেইজে কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ১৬৯ জন স্থান পেয়েছেন।

এদিকে নতুন ঘোষিত কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে গণপদত্যাগ ও সংবাদ সম্মেলন ডেকেছেন এনসিপির একাংশের নেতাকর্মীরা। তারা রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছেন।

গত কমিটির যুগ্ন সমন্বয়কারী মোহাম্মদ রাফসানজানিকে নতুন কমিটিতে দপ্তর সম্পাদক করা হয়েছে। তিনি বলেন, “অর্থের বিনিময়ে পকেট কমিটি দিয়ে চট্টগ্রাম মহানগর এনসিপির রাজনীতি ধ্বংসের পাঁয়তারার প্রতিবাদে গণপদত্যাগ ও সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এটি দপ্তর সম্পাদক হিসেবে প্রথম এবং শেষ সংবাদ সম্মেলন হবে এই আহ্বায়ক পকেট কমিটির বিরুদ্ধে।”

নতুন সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন বলেন, জুলাইয়ের শহীদ ও আহত ভাইদের রক্তের ঋণ বইবার শক্তি দিক আল্লাহ। পুরনো ব্যবস্থা ভেঙে যে নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি এনসিপি দিয়েছে, সেটা যেন বাস্তবায়ন করতে পারি। আপনাদের দোয়া সমর্থন এবং সহযোগিতা চাই।

চট্টগ্রাম মহানগর এনসিপি নেতা আরফাত আহমেদ রনি বলেন, আমরা শুরু থেকে এনসিসি তারপর এনসিপির রাজনীতি করে আসছি। দলের সকল কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছি। কিন্তু আমার নাম পর্যন্ত কমিটিতে আসেনি। এবার কমিটিতে ৭০ ভাগ লোক নতুন, যারা টাকার বিনিময়ে কমিটিতে স্থান পেয়েছে। এমনকি কক্সবাজার থেকে পর্যন্ত লোকজন এনে কমিটিতে রাখা হয়েছে।