শিবচরে কলেজ শিক্ষার্থীদের ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা ছাত্রদলের

১৫ মে, ২০২৬

মাদারীপুরের শিবচর উপজেলার সরকারি বরহামগঞ্জ কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থার উদ্যোগ নিয়েছে কলেজ শাখা ছাত্রদল। কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিমেল মাদবরের উদ্যোগে শিবচর-পাঁচ্চর ও শিবচর-শেখপুর রুটে চলাচলকারী শিক্ষার্থীরা এখন থেকে ফ্রিতে যাতায়াত করতে পারবেন।

জানা গেছে, শেখপুর ও পাঁচ্চর এলাকা থেকে প্রতিদিন বহু শিক্ষার্থী সরকারি বরহামগঞ্জ কলেজে যাতায়াত করেন। আর্থিক সংকটের কারণে অনেকেই নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে পারতেন না। এতে তাদের উপস্থিতির হারও কমেছিল। এই সমস্যা সমাধানে ছাত্রদল নেতা হিমেল মাদবর স্থানীয় বাস মালিকদের সঙ্গে আলোচনা করেন।

তার উদ্যোগে ‘আনন্দ পরিবহন’ বাসে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীরা কলেজের আইডি কার্ড প্রদর্শন করেই এ সুবিধা নিতে পারবেন।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। তারা বলেন, এতে নিয়মিত ক্লাসে অংশ নেওয়া সহজ হবে এবং যাতায়াত ব্যয় কমে শিক্ষার্থীদের আর্থিক চাপও কিছুটা লাঘব হবে।

স্থানীয়ভাবে এই উদ্যোগকে শিক্ষাবান্ধব পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকেই। তারা বলছেন, এতে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমবে এবং দরিদ্র শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে অংশ নিতে উৎসাহিত হবে।

এ বিষয়ে হিমেল মাদবর কালের কণ্ঠকে বলেন, সরকারি বরহামগঞ্জ কলেজে অনেক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী পড়াশোনা করেন। দূরদূরান্ত থেকে আসায় তাদের যাতায়াতে বাড়তি খরচ হয়। অর্থাভাবে অনেক সময় তারা নিয়মিত কলেজে আসতে পারেন না।

তাই আগামী রবিবার থেকে পাঁচ্চর ও শেখপুর এলাকা থেকে আসা শিক্ষার্থীদের জন্য বিনা ভাড়ায় বাস সার্ভিস চালু করা হচ্ছে। ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও এ ধরনের শিক্ষাবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।