বগুড়ায় চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ২

১৫ মে, ২০২৬

 

বগুড়ার গাবতলী পৌরসভা এলাকায় এক ভাড়া বাড়ির জানালার গ্রিল কেটে চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) ভোররাতে বগুড়া সদর ও শেরপুর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- নাটোরের সিংড়া উপজেলার কলম মহিষমারী গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে মো. বিশু আহমেদ (২৮) এবং শেরপুর উপজেলার গাড়ীদহ কুঠিরভিটা এলাকার মো. ফরহাদ হোসেনের ছেলে মো. তুহিন (২৮)।

জানা যায়, গ্রেফতার বিশু আহমেদ একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে বগুড়া সদর ও গাইবান্ধা সদর থানায় একাধিক চুরির মামলা রয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী পৌরসভার কলেজপাড়া এলাকায় কাজী হাফিজুর রহমান নামের এক ব্যক্তির ভাড়া বাড়িতে চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা চোরেরা বাড়ির জানালার গ্রিল কেটে ৫ ভরি ওজনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় গাবতলী থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের পর গাবতলী থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর চক্রটিকে শনাক্ত করে। শুক্রবার ভোর আনুমানিক ৪টার দিকে বগুড়া শহরের ফুলপট্টি এলাকায় অবস্থিত আমীর গেস্টহাউজে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মূল অভিযুক্ত বিশু আহমেদকে গ্রেফতার করা হয়।

পরে তার কক্ষে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিশু স্বীকার করেন যে, সে এবং তার সহযোগী মো. তুহিনসহ অজ্ঞাতনামা আরও একজন এই চুরি সংঘটিত করেছেন। এই তথ্যের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে শেরপুর থানার গাড়ীদহ কুঠিরভিটা এলাকায় অভিযান চালিয়ে সহযোগী তুহিনকে গ্রেফতার করে। চোর চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।