চন্দনাইশে এলডিপি ছেড়ে বিএনপিতে সহস্রাধিক নেতাকর্মীর যোগদান

১৬ মে, ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী। শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার মক্কা পেট্রোল পাম্প চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। তিনি নতুন যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে ইঙ্গিত করে বলেন, 'একসময় গর্ব করে কর্নেল অলি বলতেন, বিএনপিতে তিনি থাকলে বিএনপি ‘হিরো’, আর না থাকলে ‘জিরো’। কিন্তু আজ সহস্রাধিক নেতাকর্মীর এই গণযোগদান প্রমাণ করেছে, এই সংসদীয় আসনে বিএনপিই হিরো, আর কর্নেল অলি জিরো।'

তিনি আরও বলেন, নতুন এই শক্তির সম্মিলন আগামীর ‘নতুন বাংলাদেশ’ গড়ার পথকে আরও প্রশস্ত করবে।

বিএনপিতে যোগদানকারী উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন- উপজেলা এলডিপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আলী ও মো. আবু ইউছুফ, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আকতার আলম এবং পৌরসভা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. মহিউদ্দিন।
এ ছাড়া হাশিমপুর ইউনিয়ন এলডিপির সভাপতি নজরুল ইসলাম আব্দুল, কেন্দ্রীয় গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শাহরিয়া ইমরান, কেন্দ্রীয় গণতান্ত্রিক শ্রমিক দলের সহসভাপতি মঞ্জুর আলম এবং সাবেক পৌরসভা গণতান্ত্রিক ছাত্রদলের আহ্বায়ক নাজিম উদ্দীনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বিএনপিতে শামিল হন।

যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা এম এ হাশেম রাজু, সিরাজুল ইসলাম সওদাগর, আবদুল মাবুদ, আবদুর রউফ ও সিরাজুল ইসলাম।