১৬ মে, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার মামলার প্রধান আসামি মো. রাব্বিকে তার দুই সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে হেরোইন ও গানপাউডার।
শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্য দুজন হলেন শহরের ফকিরপাড়া এলাকার মো. সোহেল ওরফে জিনজিরা সোহেল এবং প্রফেসরপাড়া এলাকার মো. সুনিত ওরফে আলিফ।
শনিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শাহবাগের মৎস্যভবন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনার পথে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দেয় তারা।
পুলিশের দাবি, আসামিদের তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের নীলকুঠির মাঠসংলগ্ন একটি ইটভাটা এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে দুই কেজি গানপাউডার ও ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার রাব্বির বিরুদ্ধে হত্যা, ডাকাতি, বিস্ফোরকসহ অন্তত ১০টি মামলা রয়েছে। তিনি জেলার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।
এর আগে গত ৩১ এপ্রিল রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেনখাঁর মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন দুই সাংবাদিক। তারা হলেন তারেক রহমান এবং তারেক আজিজ।
ওই ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়। মামলায় রাব্বি ও সোহেলের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।