বেতাগীতে এক রাতে দুই বাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধ যুবক

১৬ মে, ২০২৬

 

বরগুনার বেতাগীতে একই রাতে দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সশস্ত্র ডাকাত দলের হামলায় এক যুবক গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। ঘটনার পর অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বেতাগী এলাকার বেইলি ব্রিজ সংলগ্ন এলাকা এবং হোসনাবাদ ইউনিয়নের ফুলতলা গ্রামে পৃথকভাবে এ ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় দুইটার দিকে অবসরপ্রাপ্ত প্রয়াত পুলিশ সদস্য মো. খলিলের বাড়িতে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। এ সময় খলিলের ছেলে রিফাত বিন রিমন ডাকাতদের বাধা দিতে এগিয়ে আসেন। একপর্যায়ে ডাকাতদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়।

পরে ডাকাতরা ঘরের বাইরে থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার ডান পায়ে গুলি লাগে।

আহত অবস্থায় রিমনকে প্রথমে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

গুলিবিদ্ধ রিমন জানান, রাতের বেলা তার মা ঘরের ভেতরে শব্দ শুনে চিৎকার করলে তিনি সেখানে গিয়ে দেখেন কয়েকজন ডাকাত ঘরে ঢুকে পড়েছে। পরে তিনি তাদের প্রতিরোধের চেষ্টা করেন। তখন ডাকাতরা বাইরে থেকে তাকে গুলি করে। যাওয়ার সময় ডাকাতরা তার মায়ের এক ভরি স্বর্ণের চেইনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

একই রাতে হোসনাবাদ ইউনিয়নের ফুলতলা গ্রামে আলতাব ফকিরের বাড়িতেও হামলা চালায় আরেকটি সশস্ত্র ডাকাত দল। ডাকাতরা ঘরে ঢুকে আলতাব ফকির ও তার স্ত্রী ফরিদা বেগমকে মারধর করে আহত করে। পরে নগদ ৭৫ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালংকার এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনার পর শনিবার ভোররাতে অভিযান চালিয়ে ছগীর আলম, তার ছেলে সৌরভ এবং সাইফুল ইসলাম নামের তিনজনকে আটক করে বেতাগী থানা পুলিশ। স্থানীয়দের দাবি, আটক ছগীর আলমের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি ও জাল টাকার ব্যবসার অভিযোগ রয়েছে। তার ছেলে সৌরভও এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ এবং বরগুনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাউদ্দিন।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।