১৬ মে, ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ধীরে ধীরে মানুষের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অংশ হয়ে উঠছে। কখনো মেন্টর আবার কখনো ব্যক্তিগত সহকারীর ভূমিকা নিয়ে মানুষের নানা প্রশ্নের উত্তর দেওয়া কিংবা কাজ সহজ করার কাজটি করছে এই প্রযুক্তি। তবে এআই-এর সঙ্গে সব কথোপকথন খোলামেলাভাবে করা যায় না, বিশেষ করে ব্যক্তিগত বিষয়গুলোর ক্ষেত্রে কঠোর গোপনীয়তার প্রয়োজন পড়ে।
ব্যবহারকারীদের সেই চাহিদার কথা মাথায় রেখেই এবার এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা। সম্প্রতি মেটা তাদের হোয়াটসঅ্যাপ এবং মেটা এআই অ্যাপে সম্পূর্ণ নতুন ‘ইনকগনিটো চ্যাট’ ফিচার নিয়ে আসার ঘোষণা দিয়েছে।
মেটা তাদের এক অফিশিয়াল ব্লগ পোস্টে জানিয়েছে যে, এই ফিচারটি বিশেষভাবে তাদের জন্য তৈরি করা হয়েছে যারা নিজেদের ব্যক্তিগত, আর্থিক, স্বাস্থ্য কিংবা পেশাগত বিভিন্ন সংবেদনশীল বিষয় নিয়ে এআই-এর সাথে আলোচনা করতে চান, কিন্তু চান না যে সেই কথোপকথন কোথাও সংরক্ষিত থাকুক। এই চ্যাটগুলো ডিফল্টভাবেই সাময়িক বা অস্থায়ী হবে। অর্থাৎ, ব্যবহারকারী চ্যাট স্ক্রিন বন্ধ করার সাথে সাথেই বা সেশন শেষ হওয়া মাত্রই পুরো কথোপকথন স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে বিশ্বজুড়ে এই ফিচারটি চালু করা হবে।
ইনকগনিটো শব্দটির সাথে ইন্টারনেট ব্যবহারকারীরা আগের থেকেই পরিচিত, যা মূলত বিভিন্ন ওয়েব ব্রাউজারের ব্রাউজিং হিস্ট্রি গোপন রাখতে ব্যবহৃত হয়। এআই প্রযুক্তির ক্ষেত্রে এর আগে ‘অ্যানথ্রোপিক’ তাদের ‘ক্লড’ (Claude) এআই-এর মাধ্যমে একই ধরনের ধারণা নিয়ে এসেছিল। তবে মেটার নতুন এই ফিচারের সাথে ক্লডের মূল পার্থক্য হলো, ক্লডের ইনকগনিটো মোড কেবল চ্যাটটিকে সাময়িকভাবে অদৃশ্য করে, কিন্তু তা মেটার মতো সম্পূর্ণ ব্যক্তিগত নয়।
মেটার দাবি, তাদের ইনকগনিটো চ্যাটটি তৈরি করা হয়েছে বিশেষ ‘প্রাইভেট প্রসেসিং’ প্রযুক্তির ওপর ভিত্তি করে। এই প্রযুক্তি চ্যাটিংয়ের সময় এমন একটি সুরক্ষিত পরিবেশ তৈরি করে যেখানে স্বয়ং মেটা কর্তৃপক্ষ বা হোয়াটসঅ্যাপের মেসেজিং প্ল্যাটফর্মও ব্যবহারকারীর সেই গোপন কথোপকথন পড়তে পারবে না।
এই ইনকগনিটো চ্যাটের পাশাপাশি মেটা আরও একটি আসন্ন ফিচারের ঘোষণা দিয়েছে, যার নাম রাখা হয়েছে ‘সাইড চ্যাট’। এই ফিচারের সুবিধা হলো, ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে কোনো বন্ধুর সাথে বা গ্রুপে চলমান মূল চ্যাটে কোনো রকম বাধা না দিয়েই একদম আলাদাভাবে মেটা এআই-এর সাথে ব্যক্তিগত আলাপ চালিয়ে যেতে পারবেন। নতুন এই সাইড চ্যাট ফিচারটিতেও মেটার শক্তিশালী প্রাইভেট প্রসেসিং প্রযুক্তি ব্যবহার করা হবে। ফলে মেটা এআই এখন আরও সুরক্ষিত ও ব্যক্তিগত উপায়ে মানুষের তথ্য সুরক্ষার নিশ্চয়তা দিয়ে ব্যবহারকারীদের পাশে থাকবে।