এফএ কাপ জিতে ট্রেবলের আশা বাঁচিয়ে রাখল ম্যানসিটি

১৭ মে, ২০২৬

ঘরোয়া ফুটবলে ট্রেবল অর্থাৎ তিন শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখল ম্যানচেস্টার সিটি। আজ (শনিবার) ওয়েম্বলিতে চেলসির বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয়ে এফএ কাপ ট্রফি ঘরে তুলল তারা।

গত মার্চে লিগ কাপ জিতেছিল ম্যানসিটি। এই মৌসুমে দ্বিতীয় ঘরোয়া শিরোপা জিতল এফএ কাপ ফাইনাল শেষে। ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের ট্রফির লড়াই চলছে আর্সেনালের সঙ্গে। দুই ম্যাচ হাতে রেখে দুই দলের ব্যবধান ২ পয়েন্টের। চ্যাম্পিয়ন হতে হলে বাকি দুই ম্যাচ জয়ের পাশাপাশি আর্সেনালের হোঁচটের অপেক্ষা করতে হবে সিটিজেনদের।

গত দুই ফাইনালে ম্যানইউ ও ক্রিস্টাল প্যালেসের কাছে হারের পর অষ্টম এফএ কাপ ঘরে নিলো ম্যানসিটি। ক্লাবটির কোচ হিসেবে পেপ গার্দিওলা জিতলেন ২০তম শিরোপা, এফএ কাপে তৃতীয়।

রক্ষণ জমাট রেখে চেলসি লম্বা সময় ম্যানসিটিকে আটকে রেখেছিল। ২৭ মিনিটে ব্লুদের জালে বল ঢুকেছিল। কিন্তু অফসাইডের কারণে আর্লিং হালান্ডের সেই গোল বাতিল হয়। বিরতির আগের মিনিটে নরওয়েজিয়ান স্ট্রাইকারের একটি প্রচেষ্টা রুখে দেন চেলসি কিপার রবার্ট সানচেজ।

অবশেষে ম্যাচের নির্ধারিত সময়ের ১৮ মিনিট বাকি থাকতে ম্যানসিটি গোলের দেখা পায়। বার্নার্ডো সিলভা বল বাড়ান হালান্ডের কাছে। ডানদিক থেকে নরওয়েজিয়ান তারকা খুঁজে পান আন্তোয়ান সেমেনিওকে। তার গায়ের সঙ্গে লেগে ছিলেন চেলসি ডিফেন্ডার লেভি কলউইল। দারুণ পায়ের কাজ দেখিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে সানচেজকে পরাস্ত করেন ঘানাইয়ান ফরোয়ার্ড।

পাঁচ মিনিট পর ম্যানসিটির ছয় গজ বক্সের ভেতর থেকে এনজো ফার্নান্দেজের একটি শট হতাশ করে ক্রসবারের উপর দিয়ে বাইরে যায়। শেষ পর্যন্ত ৭২ মিনিটের ওই এক গোলই গড়ে দেয় ম্যাচের পার্থক্য।

সিটির মনোযোগ এবার ফেরাতে হচ্ছে প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে। মঙ্গলবার তারা বোর্নমাউথের মাঠে নামবে। লিগ শিরোপার কঠিন লড়াই কোথায় গিয়ে থামবে, তা অজানা। তবে সেই সাফল্য না পেলেও গার্দিওলা তার সম্ভাব্য বিদায়ী মৌসুম শেষ করবেন অন্তত দুটি শিরোপা জিতে।