ইরানের বিশ্বকাপ স্বপ্ন দোদুল্যমান, কি বলছে ফিফা?

১৭ মে, ২০২৬

ভিসা জটিলতা সত্ত্বেও আসন্ন বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির সেক্রেটারি জেনারেল মাটিয়াস গ্রাফস্ট্রোম জানিয়েছেন, ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজের সঙ্গে গঠনমূলক বৈঠক হয়েছে। ইরান এই টুর্নামেন্টে অংশ নেবে বলে তিনি শতভাগ আত্মবিশ্বাসী।

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েন এবং বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে ইরানি প্রতিনিধি দল, খেলোয়াড় এবং কর্মকর্তাদের ভিসা প্রাপ্তি নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সম্প্রতি ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ নিজেই কানাডায় প্রবেশাধিকার পাননি এবং তিনি জানান যে দলের কোনো সদস্যই এখনো যুক্তরাষ্ট্রের ভিসা পাননি। মার্কিন প্রশাসনের কঠোর অভিবাসন নীতি এবং কিছু খেলোয়াড়ের অতীত সামরিক পরিষেবার বাধ্যবাধকতা এই জটিলতাকে আরও বাড়িয়ে তুলেছে। 

তবে ফিফা এবং আয়োজক দেশগুলোর পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, নিয়ম মেনে আইনি প্রক্রিয়া সম্পন্ন করলে দলগুলোর অংশগ্রহণে কোনো বাধা থাকবে না। এই জটিলতা নিরসনে আগামী দিনগুলোতে ফিফার সঙ্গে ইরানের ফুটবল কর্মকর্তাদের আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে ভিসা এবং খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়ে চূড়ান্ত নিশ্চয়তা চাওয়া হবে। 

সূত্র: মিডল ইস্ট আই