১৭ মে, ২০২৬
আইপিএলের দীর্ঘ ক্যারিয়ারে আরেকটি বড় মাইলফলক স্পর্শ করলেন সুনিল নারাইন। প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে টুর্নামেন্টটিতে ২০০ ম্যাচ খেলার কীর্তি গড়লেন ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনিং অলরাউন্ডার।
শনিবার ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে মাঠে নেমে ইতিহাসের অংশ হয়ে যান নারাইন। একই দিনে আরেকটি মাইলফলকের সাক্ষী হয়েছে তার দল কলকাতা নাইট রাইডার্সও। আইপিএলে ইডেন গার্ডেন্সে এটি ছিল কলকাতার শততম ম্যাচ।
এর মাধ্যমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পর দ্বিতীয় দল হিসেবে এক ভেন্যুতে ১০০ বা তার বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়ল তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা। এর আগে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এই কীর্তি গড়েছিল বেঙ্গালুরু।
নারাইনের আগে আইপিএলে ২০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছিলেন আরও ১২ জন ক্রিকেটার, তবে তারা সবাই ভারতীয়। ২৭৯ ম্যাচ নিয়ে এই তালিকার শীর্ষে আছেন আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক ভিরাট কোহলি।
২০১২ সালে আইপিএলে অভিষেকের পর থেকে কেবল কলকাতা নাইট রাইডার্সের জার্সিতেই খেলছেন নারাইন। চলতি মাসের শুরুতে প্রথম বিদেশি বোলার হিসেবে আইপিএলে ২০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেন ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডার।