যশোর যুবলীগের সভাপতি আটক

১৭ মে, ২০২৬

যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে আটক করা হয়েছে। শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে শহর থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান।

তিনি বলেন, ডিবি পুলিশ মোস্তফা ফরিদকে আটক করেছে। রাতে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা।

তার বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা আছে কি না তা নিশ্চিত করে জানাতে পারেননি ওসি।

পরিবারের সদস্যদের দাবি, রাতে শহরের খালধার রোডের বাড়ি থেকে মোস্তফা ফরিদকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে মোস্তফা ফরিদ আত্মগোপনে ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এদিকে তার আটকের খবর ছড়িয়ে পড়ার পর যশোরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।