দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের শিল্পী সমাবেশ অনুষ্ঠিত

১৭ মে, ২০২৬

চট্টগ্রাম প্রেসক্লাবে সাংগঠনিক মাস উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের সভাপতি জনাব সেলিম জামানের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ও দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের প্রধান উপদেষ্টা মুহাম্মদ নজরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিকশিল্পী ও কিডস ক্রিয়েশন টিভির সিইও শরিফ বায়জিদ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রামের অন্যতম উপদেষ্টা অধ্যক্ষ নুরুল আমিন এবং বিশিষ্ট শিক্ষাবিদ জনাব নুরু নবী।

অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, সাংস্কৃতিক কর্মীদের দায়ী ইলাল্লাহর ভূমিকায় অবতীর্ণ হয়ে সুস্থ সাংস্কৃতিক চর্চাকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিকশিত করতে হবে। সাংস্কৃতিক পরিমণ্ডলে নৈতিক মানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অপসংস্কৃতির চ্যালেঞ্জ মোকাবিলায় অগ্রসর হতে হবে।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক যুদ্ধের চেয়েও সাংস্কৃতিক যুদ্ধ অনেক বেশি গভীর ও সুদূরপ্রসারী। কারণ সাংস্কৃতিক প্রভাব যুগের পর যুগ সমাজ ও সভ্যতায় লালিত হয়; এমনকি রক্তক্ষয়ী রাজনৈতিক পটপরিবর্তনের পরও সাংস্কৃতিক প্রভাব থেকে মুক্ত হওয়া কঠিন। তারা উল্লেখ করেন, সুস্থ সাংস্কৃতিক চর্চায় যারা শিল্পী হিসেবে অবদান রাখছেন, তাদের অবশ্যই মহাগ্রন্থ আল-কুরআনের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে এবং নিজেদের সাংস্কৃতিক প্রতিভাকে সার্বক্ষণিক লালন করতে হবে। একজন দায়ী শিল্পী হিসেবে সময় ও আর্থিক কুরবানি পেশ করার পাশাপাশি আত্মপ্রদর্শনের মানসিকতা, হিংসা ও বিদ্বেষ পরিহার করার আহ্বান জানান বক্তারা। সংগঠনের সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠানে মহাগ্রন্থ আল-কুরআনের শিক্ষা পেশ করেন সেক্রেটারিয়েট সদস্য মাওলানা এনামুল হক। সংগীত পরিবেশন করেন শিল্পী আবুল আলা ফয়সাল।

সমাবেশে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন ক্যাটাগরির শতাধিক শিল্পীর উপস্থিতির পাশাপাশি আরও উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারিয়েট সদস্য শিল্পী শাহিদুল করিম খান, জোন সভাপতি রহমত উল্লাহ, শিল্পী জাকির হোসেন, শিল্পী আব্দুস শাকুর, সাইদুল ইসলাম, বিভাগীয় দায়িত্বশীল হোসনে মুরাদ তারিফ, মাহবুবুল মওলা রিপন প্রমুখ।