ঝিনাইদহে নবগঠিত ছাত্রদলের কমিটি থেকে তিন নেতার পদত্যাগ

১৭ মে, ২০২৬

ঝিনাইদহ জেলা ছাত্রদলের নব-গঠিত কমিটি থেকে তিন নেতা পদত্যাগ করেছেন। শনিবার (১৬ মে) বিকেলে শহরের পায়রা চত্বরে পদবঞ্চিত নেতাকর্মীদের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ শেষে সাংবাদিকদের কাছে তারা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন— জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নব-গঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান শাহেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালাম এবং যুগ্ম সম্পাদক বখতিয়ার মাহমুদ।

এর আগে শনিবার বিকেলে শহরের ওয়াজির আলী স্কুল মাঠ থেকে পদবঞ্চিত নেতাকর্মীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় পায়রা চত্বরে গিয়ে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক বখতিয়ার মাহমুদ, সহ-সভাপতি আব্দুস সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান শাহেদ, শিমুল, সিপনসহ অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করলেও সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করা হয়েছে। এছাড়া যাদের কমিটিতে রাখা হয়েছে, তাদেরও যোগ্য মূল্যায়ন করা হয়নি বলে দাবি করেন তারা।

এ সময় তারা সদ্য ঘোষিত কমিটি বিলুপ্ত করে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। সমাবেশ শেষে নবগঠিত কমিটির নেতা বখতিয়ার মাহমুদ, আব্দুস সালাম ও সাইদুর রহমান শাহেদ আনুষ্ঠানিকভাবে নিজেদের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।