একবার ওয়াশিং মেশিন চালালে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়?

১৭ মে, ২০২৬

ব্যস্ত জীবনে গৃহিণীদের কাছে ওয়াশিং মেশিন এখন এক অপরিহার্য যন্ত্র। এটি যেমন পরিশ্রম কমায়, তেমনি বাঁচায় অনেকটা সময়। তবে মেশিন কেনার পর অনেকের মনেই একটি সাধারণ প্রশ্ন জাগে, একবার কাপড় কাচলে আসলে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয় কিংবা মাস শেষে বিল কত বাড়তে পারে। সাধারণ হিসেবে দেখা যায়, একটি ওয়াশিং মেশিনের বিদ্যুৎ খরচ নির্ভর করে তার ধরন, ব্যবহারের সময় এবং সেটিংসের ওপর।

বাজারের তথ্য অনুযায়ী, সাধারণত ৬ থেকে ৭ কেজি ধারণক্ষমতার একটি ওয়াশিং মেশিন একবার কাপড় কাচতে বা প্রতি সাইকেলে প্রায় শূন্য দশমিক ২৫ থেকে শূন্য দশমিক ৩৫ ইউনিট বিদ্যুৎ খরচ করে। যদি প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ টাকা ধরা হয়, তবে একবার কাপড় কাচতে খরচ হবে মাত্র ১ টাকা ৭৫ পয়সা থেকে ২ টাকা ৪৫ পয়সার মতো। অর্থাৎ সাধারণ মোডে ওয়াশিং মেশিন ব্যবহার করলে বিদ্যুৎ বিলে খুব একটা বড় প্রভাব পড়ে না।

তবে এক ঘণ্টা মেশিন চালালে খরচের হিসাব কিছুটা ভিন্ন হতে পারে। সাধারণ ১ ঘণ্টার ওয়াশ সাইকেলে বিদ্যুৎ খরচ হয় শূন্য দশমিক ২ থেকে শূন্য দশমিক ৪ ইউনিটের মতো, যার আর্থিক মূল্য বড়জোর ১ টাকা ৪০ পয়সা থেকে ২ টাকা ৮০ পয়সা। কিন্তু যদি কাপড় কাচার সময় মেশিনের ইন-বিল্ট হিটার ব্যবহার করে গরম পানি দিয়ে কাপড় ধোয়া হয় কিংবা দীর্ঘ সময় ড্রায়ার চালানো হয়, তবে বিদ্যুৎ খরচ এক লাফে ১ থেকে ২ ইউনিট পর্যন্ত বেড়ে যেতে পারে। সে ক্ষেত্রে প্রতিবার কাপড় কাচতে খরচ হতে পারে ৭ থেকে ১৪ টাকা পর্যন্ত।

ওয়াশিং মেশিনে বিদ্যুৎ সাশ্রয় করতে চাইলে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। মেশিনের ‘ইকো’ বা ‘কুইক ওয়াশ’ মোড ব্যবহার করলে বিদ্যুতের ব্যবহার অনেক কম হয়। এছাড়া মেশিনের স্টার রেটিং বা এনার্জি এফিশিয়েন্সি বেশি হলে সেটি তুলনামূলক কম বিদ্যুৎ টানে। মাস শেষে বিদ্যুৎ বিল হাতের নাগালে রাখতে হিটারের ব্যবহার কমিয়ে স্বাভাবিক তাপমাত্রার পানিতে কাপড় ধোয়ার অভ্যাস করা সবচেয়ে কার্যকর উপায়। ছোট এই সচেতনতা আপনার মাসিক খরচে বড় সাশ্রয় এনে দিতে পারে।